রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আগামী অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট: আসিফ মাহমুদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে সরকারি ব্যয় সাত লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

উপদেষ্টা আসিফ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বাজেটের চেয়েও ছোট বাজেট দিতে যাচ্ছে।

তিনি বলেন, ‘আগামী ২০২৫-২৬ অর্থবছরে সরকারি ব্যয় সাত লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম।

জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের এটি প্রথম বাজেট।

বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। কাল বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ‘ফিড’ নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে এক তথ্য বিবরণীতে।

এর আগে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন দেশের দায়িত্বে ছিল তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়েছিল তখনকার অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের বাজেট বক্তব্য (২০০৮-২০০৯ অর্থবছর)।

সর্বশেষ

এই বিভাগের আরও