চট্টগ্রামের পটিয়ায় সাপের ছোবলে ফেরদৌস বেগম (৩৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।
- Advertisement -
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কর হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ঘরে কাজ করার সময় ফেরদৌস বেগম মাছ ধরার একটি জালে হাত দিলে সেখানে থাকা বিষাক্ত সাপ তাকে ছোবল মারে।
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিহা রওশন বলেন, সাপে ছোবল খাওয়া গৃহবধূকে হাসপাতালে আনা হয়। ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এর মধ্যেই তিনি মারা যান।
পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

