ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে রাখা শোক বইতে সই করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তিনি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইতে সই করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ভারত–বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে তার ভূমিকা সব সময় স্মরণ করা হবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে তাকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।

