আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় শেষ হয়।
ইসি’র তথ্যমতে, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার।
জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা—১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপর ঢাকা জেলায় ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রামে ৯৫ হাজার ২৯৭ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসনে সর্বাধিক ১৬ হাজার ৯৩ জন এবং চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে সর্বাধিক ২ লাখ ৭ হাজার ৯৪৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার বাসসকে বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ভোটারদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।
তিনি জানান, যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, তারা আগামী ১০ জানুয়ারির মধ্যে ব্যালট হাতে পাবেন। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্পূর্ণভাবে ভোটারের দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও জানান, প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের সঠিক ঠিকানা দিতে এসএমএস পাঠানো হয়েছে।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধিত হতে পেরেছেন।

