শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঈদের খুশিতে ভাসলো বায়তুল মোকাররম, নামাজে লাখো মুসল্লি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে থাকেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। এতে দ্রুত মসজিদের ভেতরের অংশ পূর্ণ হয়ে যায় এবং পরে বাইরের সড়কেও মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।

ঈদের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মসজিদের প্রবেশপথে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মুসল্লিদের সঙ্গে থাকা জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ বা সামগ্রী ডিটেক্টর মেশিনের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। সন্দেহজনক আচরণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে পরিচয় যাচাই করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত পালনের সুযোগ নিশ্চিত করতেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। পরবর্তী জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও