রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যমে হামলা নিয়ে উদ্বেগ, ‘বিশ্বে বিরল’ বললেন ইফতেখারুজ্জামান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

- Advertisement -

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পর দেশে বেশ কয়েকটি বড় গণমাধ্যম প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। যেভাবে এসব প্রতিষ্ঠানে আক্রমণ চালানো হয়েছে, তা বিশ্বের ইতিহাসেও বিরল ঘটনা।

ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, এসব হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা উপস্থিত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নেতিবাচক বার্তা গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ও গণমাধ্যমকর্মীও এসব হামলার ঘটনা ‘উপভোগ’ করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যমের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকট নিয়ে খোলামেলা আলোচনা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বজুড়ে সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথাও তুলে ধরেন টিআইবির এই কর্মকর্তা। তিনি জানান, গত এক দশকে বিশ্বে পাঁচ শতাধিক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এমিলিয়া দিয়াজ স্ট্রাক এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

এমআরডিআইয়ের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০ দেশের সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও