দীর্ঘদিন চাকরি করেও পদোন্নতি না পাওয়া পুলিশ সদস্যদের জন্য বিশেষ পদোন্নতির উদ্যোগ নিচ্ছে সরকার। কনস্টেবল থেকে শুরু করে এসআই পদমর্যাদার সদস্যদের অবসরকালীন সম্মানসূচক পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তন-এ পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে কিছু পুলিশ সদস্যকে অবসরের সময় কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে উন্নীত করা হবে।
তিনি জানান, পুলিশ সদস্যদের অতিরিক্ত কর্মঘণ্টার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর বিষয়ও ভাবছে সরকার। আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মচাপের কারণে সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আরও আধুনিক করা হবে। পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
আবাসন সংকট নিরসনেও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন ও আবাসন নির্মাণে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ‘মব কালচার’ বন্ধে বিদ্যমান আইন সংশোধনের পরিকল্পনার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

