রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টি হলেও বন্ধ হবে না ঈদ জামাত, প্রস্তুত চসিক

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত আয়োজনকে সামনে রেখে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

মঙ্গলবার (২৬ মে) জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি বলেন, মুসল্লিদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চসিক মেয়র জানান, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিচে কার্পেটিং এবং ওপরে টারপলিনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বৃষ্টি হলেও জামাতে কোনো সমস্যা না হয়।

মুসল্লিদের সুবিধার্থে মাঠে ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং নিরাপত্তার জন্য ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় ঈদ জামাতে প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

বৃষ্টির কারণে মাঠে নামাজ আদায় সম্ভব না হলে মসজিদে জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মেয়র।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মেয়র নগরবাসীকে সময়মতো ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান এবং কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে ধারণ করে পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও