রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৬ ঘণ্টায় কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম মাত্র ৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের দামপাড়াস্থ কন্ট্রোল রুমে তিনি এ তথ্য জানান। মেয়র বলেন, দুপুর ২টা থেকে শুরু হওয়া কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই শেষ করা হয়েছে।

তিনি জানান, সকাল ৯টা থেকেই তিনি বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেন। এ কাজে চসিকের ৩৭৯টি গাড়ি, যার মধ্যে ডাম্প ট্রাক, কম্পেক্টর ও পে-লোডার রয়েছে, ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৩২০০ পরিচ্ছন্নতাকর্মী নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করেছেন।

মেয়র আরও বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট স্থানগুলোতে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মহানগর বিএনপি কার্যালয়ের সামনের এসটিএসএস থেকে মূল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।

তিনি জানান, নগরের কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ার কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বিকেলে কোরবানি দেওয়া হয়—এমন কিছু এলাকার বর্জ্য অপসারণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

মেয়র বলেন, অনেকে ঈদের পরদিনও কোরবানি দেন, সেসব বর্জ্যও অপসারণ করা হবে। রাত ৮টার পর কোথাও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের দ্রুত জানানোর আহ্বান জানান তিনি।

এসময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও