বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জা এবং বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে পুনরায় আগের নির্দেশনা কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে হবে।
এছাড়া বিদ্যুৎ ব্যবহার কমাতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চলমান ও ভবিষ্যতে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
সরকারের আশা, এ পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমবে।

