রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা নিয়ে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশে আসেন তিনি। দক্ষিণ কোরিয়া সফর শেষে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

- Advertisement -

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তার একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। আর সফরের শেষ দিন ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তুরস্ক। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। ফলে এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাকান ফিদানের সফরে বাণিজ্য, সংস্কৃতি, বিনিয়োগ এবং বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সে সময়ই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও