রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় পরিবেশ অনুযায়ী বৃক্ষরোপণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, উপযুক্ত এলাকায় উপযুক্ত গাছ লাগানো হলে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

- Advertisement -

শনিবার (৬ জুন) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের মাটির গঠন এক নয়। তাই স্থানীয় পরিবেশ ও মাটির ধরন বিবেচনায় গাছ নির্বাচন করতে হবে।

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে এবং ঋতুচক্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। আগে জুন মাসে নিয়মিত বৃষ্টিপাত হলেও এখন সেই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।

বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়াকে প্রকৃতির এই বিরূপ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

সভায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ কর্মসূচির উদ্বোধন আগামী ১৪ জুন কক্সবাজার জেলার দুলহাজরায় করবেন প্রধানমন্ত্রী।

সভায় পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পরিবেশ সচিব রায়হান কাওছার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও