রবিবার, ২ আগস্ট ২০২৬

নতুন ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ কর্মসূচির তথ্য দিলেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে উৎসাহ দিতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক-এর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক তরুণদের জন্য বিনা সুদের কোনো ঋণ প্রকল্প পরিচালনা করছে না। তবে সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম চালু রয়েছে।

অর্থমন্ত্রী জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের জন্য পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া জামানত প্রদান সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে।

তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পৃথক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

সরকারের এ উদ্যোগ নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

সর্বশেষ

এই বিভাগের আরও