রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সফর আজ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নির্ধারিত সময় অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই তার ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

বেলা ১টায় শ্রীমঙ্গলে পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠান শেষে বিকেলে তিনি দুসাই রিসোর্টে যাবেন। সেখানে স্বল্প সময়ের বিশ্রাম শেষে বিএনপির নেতাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটের প্রচারণার অংশ হিসেবে তিনি মৌলভীবাজার সফর করেছিলেন। নির্বাচনের পর সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মৌলভীবাজার সফর।

সর্বশেষ

এই বিভাগের আরও