পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গ্রেপ্তারের খবর পাওয়ার তিন দিনের মধ্যেই দুবাইয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে দুবাই থেকে ই-মেইলে জানানো হলে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ করা হয়েছিল। তবে সরকার নির্ধারিত সময়ের অপেক্ষা না করে সেদিনই কাগজপত্র প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পরে কূটনৈতিক প্রক্রিয়ায় তা দুবাইয়ে পাঠানো হয়।
তিনি বলেন, “আমরা ৩০ দিন নয়, মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছি।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রায় ১৪৪ পৃষ্ঠার নথি সংশ্লিষ্ট দেশের ভাষায় অনুবাদ করে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, “ছুটি গেছে, আগামীকাল আমরা এ বিষয়ে খোঁজ নেব।”
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশেরও নিজস্ব আইনি প্রক্রিয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, জাতিসংঘ সনদ এবং পারস্পরিক আইনি সহায়তা (এমএলএআর) চুক্তির আওতায় অতীতেও বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলটি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় সারা দেশের পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশকে সতর্ক করা সরকারের নিয়মিত দায়িত্বের অংশ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে পুলিশ সদর দপ্তর থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং সম্ভাব্য রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের নির্দেশনা দিয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে।

