প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বাজেটের লক্ষ্য হলো সব শ্রেণি-পেশার মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতমুখী অর্থনীতি গড়ে তোলা।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা যে বাজেট উপস্থাপন করছি, আমি এর নাম দিতে চাই ‘জীবনবান্ধব বাজেট’। অতীতের বিতর্কে না গিয়ে এখন আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষও ভবিষ্যৎ নিয়েই আলোচনা দেখতে চায়।”
তিনি বলেন, বাজেট রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবতার নিরিখে সরকার এমন একটি বাজেট প্রণয়নের চেষ্টা করেছে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাজেটে ৬১টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বাজেট ঘোষণার পরও বাজারে প্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যায়নি।
তিনি বলেন, “এটি নিয়ে গর্ব করতে চাই না। তবে আল্লাহর রহমতে এবার বাজেটের আগে বা পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অকারণে বাড়েনি। জনগণকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছি বলে আমরা মনে করি।”
সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতিকে ‘ভঙ্গুর’ অবস্থায় পেয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, দুর্নীতি, অর্থপাচার, অব্যবস্থাপনা এবং ভুল নীতির কারণে অর্থনীতি বড় ধরনের সংকটে পড়েছিল। উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে পড়েছিল, মূল্যস্ফীতি ছিল উচ্চ পর্যায়ে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপে ছিল।
পুঁজিবাজারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, একসময় অসংখ্য ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বস্ব হারিয়েছেন। পাশাপাশি বৈদেশিক ঋণের চাপও বেড়েছে, যা দীর্ঘ সময় ধরে দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে।
তিনি বলেন, “আমরা সংকটকে অস্বীকার করছি না। তবে এটিকে অজুহাতও বানাতে চাই না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতির মাধ্যমে এই সংকট মোকাবিলা করতে চাই।”
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার রাখা যায়।
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

