শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নতুন ভিসানীতি প্রণয়নে এগোচ্ছে সরকার, খসড়া পর্যালোচনায় মন্ত্রিসভা কমিটি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের বিদ্যমান ভিসা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করতে নতুন ভিসানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৬ সালে প্রণীত ভিসানীতি সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’ প্রণয়নের লক্ষ্যে একটি খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি পর্যালোচনা করা হয়। পরে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া ভিসানীতি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকার জানিয়েছে, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা শিল্পকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যেই নতুন ভিসানীতির উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া আধুনিক, সেবামুখী ও সময়োপযোগী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যেও ২০০৬ সালের ভিসানীতিতে সংশোধন এনে ভিসানীতি-২০২৬ প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

খসড়া পর্যালোচনা শেষে মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ভিসানীতির চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও