শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়’: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, বরং গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে, তবে বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।

- Advertisement -

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘৩৬ জুলাই’ হিসেবে পরিচিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়। এটি গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন।”

তিনি বলেন, গত ১৭ বছরে তার পরিবার ও দেশের মানুষের ওপর নানা অবিচার হয়েছে। তবে সেই অভিজ্ঞতার প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তিনি ন্যায়বিচারের পথেই এগোতে চান।

প্রধানমন্ত্রী বলেন, “আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমি প্রতিশোধ নিতে চাই না।”

নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “১৭ বছর আগে আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দেশে ফিরে এসে আমার অনেক সহকর্মীকে আর পাইনি। ছাত্রদলের যাদের রেখে গিয়েছিলাম, তাদের অনেকেই আজ আর বেঁচে নেই।”

তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। তবে বিচার যেন নিরপেক্ষ ও ন্যায়সংগত হয়, সেটিও সমান গুরুত্বের সঙ্গে দেখা হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উঠে তাদের স্বজন হারানোর স্মৃতি ও সংগ্রামের কথা তুলে ধরেন। এক পর্যায়ে এক শহীদ জননী সন্তানের আত্মত্যাগের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন। শহীদ পরিবারের বক্তব্য শুনতে গিয়ে তার চোখ অশ্রুসজল হয়ে ওঠে।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও