শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সারা দেশে টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

- Advertisement -

শুক্রবার (১০ জুলাই) দিনভর প্রধানমন্ত্রী বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করেছেন। তিনি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, উদ্ধার অভিযান, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোর উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দেওয়া হয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম সফরে যাবেন।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, দেশের কয়েকটি এলাকায় ইতোমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে নারী, শিশু ও গর্ভবতী নারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্যোগের সুযোগ নিয়ে যাতে কোনো অসাধু চক্র চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার তাগিদও দেন প্রধানমন্ত্রী।

সরকারি সূত্র জানায়, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও