চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘটনার পর অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) তার নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
শনিবার সকালে রিমন তার মা-বাবাকে নিয়ে বাইরে যান। পরে সকাল পৌনে ১২টার দিকে তারা বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান তিনি। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। কল্পনা দাশ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে আটক করেছে। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

