ভারী বৃষ্টি ও বন্যাজনিত কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সোমবার (২৭ জুলাই) থেকে আবার শুরু হচ্ছে।
একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথমপত্রের পরীক্ষা।
মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয়পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষায় অংশ নেবেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় অনুষ্ঠিত হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। তারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এর আগে বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একই সিদ্ধান্তের আওতায় মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত ছিল।
পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা অবশিষ্ট পরীক্ষা ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, বর্তমানে কার্যকর নিয়মিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তবে স্থগিতাদেশ জারির আগে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।

