চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার একটি বাসায় সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান আলমগীর হোসেন, উপপুলিশ কমিশনার (পশ্চিম)।
আলমগীর হোসেন বলেন, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার (উর্মি) নামের এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে।
চোরেরা তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দুটি চুড়ি, ছয় জোড়া কানের দুল, আটটি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ চার হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, মামলার তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম (৩০) ও মনির হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
উপপুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি নেকলেস, তিনটি চেইন, দুটি চুড়ি, তিন জোড়া কানের দুল এবং দুটি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তার মাহে আলমের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে মোট ১২টি মামলা রয়েছে।

