বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্যামিলি কার্ডে’র মাধ্যমে নারীদের হাতে আর্থিক ক্ষমতা দেওয়া হবে: রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

- Advertisement -

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি চিরকালই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার সরকারের আমলে মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা ডিগ্রী বা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার চিন্তাভাবনা করছে। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতা নারীদের হাতে তুলে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো সভ্যতা সম্পূর্ণ হতে পারে না।

সংগঠনটির ভূমিকা তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জাতীয়তাবাদী মহিলা দল দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী নারী সংগঠন। বিভিন্ন সময়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করার পাশাপাশি নির্যাতিত পরিবার এবং স্বাধীন মতামত প্রকাশের জন্য গ্রেপ্তার হওয়া নারীদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি।

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নারীদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়, তারা সম্পূর্ণ কাপুরুষ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নারী নেত্রী উপস্থিত থেকে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও