ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে এই নির্বাচন শুরু হতে পারে। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে ভোট নেওয়া হবে।
সোমবার নির্বাচন কমিশনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে। সেখানে সাত ধাপে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে হতে পারে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
তবে ভোটের সম্ভাব্য সময়সূচি জানানো হলেও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।

