শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্কের মুখে পড়তে পারে যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার পথে বড় অগ্রগতি হয়েছে। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি ২৬২-১৫৯ ভোটে প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। এখন এটি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

- Advertisement -

এর আগে গত আগস্টে মার্কিন সিনেটেও বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রুশ জ্বালানির বড় ক্রেতা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হবে।

বিলের আওতায় রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা বা রুশ জ্বালানি খাতের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী শীর্ষ পাঁচ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। তবে কিছু দেশের ক্ষেত্রে ছাড়ের বিধানও রয়েছে।

এর ফলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা চীন ও ভারতের মতো দেশগুলো মার্কিন শুল্কের আওতায় পড়তে পারে। তবে বিলটি আইনে পরিণত হলেই এসব দেশের পণ্যে তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে না। শুল্ক আরোপ করবেন কি না এবং কীভাবে করবেন, সে বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্তের সুযোগ থাকবে।

বিলটিতে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’—নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি রুশ কর্মকর্তা, অলিগার্ক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২০৩ জন রিপাবলিকান ও ৫৮ জন ডেমোক্র্যাট ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৫২ জন ডেমোক্র্যাট ও সাতজন রিপাবলিকান। ডেমোক্র্যাটদের একটি অংশ প্রেসিডেন্টের শুল্ক ক্ষমতা বাড়ানোর বিষয়ে আপত্তি জানিয়েছে। তাদের আশঙ্কা, এতে নির্বাহী ক্ষমতা অতিরিক্ত বাড়তে পারে এবং শুল্কনীতির প্রভাব মার্কিন অর্থনীতিতেও পড়তে পারে।

বিলটির সমর্থকেরা বলছেন, রাশিয়ার জ্বালানি বিক্রি থেকে আয় কমানো এবং ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ বাড়ানোই এর অন্যতম লক্ষ্য। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হলে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে তাঁর সিদ্ধান্তের ওপর।

সর্বশেষ

এই বিভাগের আরও