বুধবার, ৪ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে নজর রাখছে নয়াদিল্লি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনা ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করে যাচ্ছি।”

ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার দিকে কাজ করতে চায় ভারত।

বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়।

ঢাকার মিরপুর এলাকায় সকালে কয়েকটি কারখানা আংশিক চালু হলে শ্রমিকরা সড়কে নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনার বিষয়েও প্রশ্ন করা হয়। জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও