চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিরসরাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা-পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

