তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
চলমান শ্রমিক অসন্তোষের মুখে গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক খাতের জন্য পৃথক নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
এদিকে, নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পদ্মার মোড় এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা জড়ো হলে পুলিশ ও বিজিবি তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেন হামলার শিকার হন।
দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে সাংবাদিক এবং পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটি পেয়ে শ্রমিকেরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এতে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, বর্তমানে হেমায়েতপুর ও নিশ্চিন্তপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

