নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন জামালখানের সিঁড়ির গোড়া থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২৫টি বিভিন্ন ধরনের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি ৩০ ধরনের সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যান জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ)।
অভিযানকালে সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা প্রায় ৮ মণ সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা অভিযান পরিচালনায় ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

