বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, চেকপোস্টে ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা-পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার উত্তর বন্দর এলাকা ও মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাইদ হাসান মানিক (২৪) ও আব্দুল ওয়াজেদ প্রকাশ সগির (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে।

অন্যদিকে, শিকলবাহা ইউনিয়নের মইজ্জ্যারটেক মোড় পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. আব্দুর রাজ্জাক (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কর্ণফুলী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একই মামলায় জড়িত মো. সজিব (৩০) নামে আরেকজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ও সজিবের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা নম্বর ১০(১১)২৫, জিআর ৩৩৯/২৫-এর আওতায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৮০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্ট এলাকায় ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটকের তথ্যও পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে এ-সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ও বেলাল হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও