শনিবার, ২১ নভেম্বর ২০২৬

‘ওয়ান-ইলেভেন ফিরে এলে সরকার-বিরোধী দল কেউই নিরাপদ থাকবে না’

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে নতুন করে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি হলে সরকারি দল কিংবা বিরোধী দল—কেউই নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। তাঁর দাবি, গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর এবং দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও জামায়াতের নেতাকর্মীদের বাড়ি বা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেনি। এ বিষয়টি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াত ও এনসিপি যেন কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেয়। রাজনৈতিক অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ তৈরি হলে শুধু সরকার নয়, বিরোধী দলসহ কেউই রক্ষা পাবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতেও সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। দলটির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বিভিন্ন পক্ষের মানুষ। এ প্রসঙ্গে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া এবং সমন্বয়ক হাসিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগও তুলে ধরেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও প্রয়োজনে সবাইকে একসঙ্গে রাজপথে নামতে হবে। জামায়াত ও এনসিপির প্রতি তাঁর আহ্বান, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বসে পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেবেন।

তিনি আশ্বাস দিয়ে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামার কারণে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের জেল-জুলুমের শিকার হতে হবে না।

সর্বশেষ

এই বিভাগের আরও