শনিবার, ২১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামকে ঘিরেই ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা: অর্থমন্ত্রী

শাহরিয়ার মুনির জিসান

চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

- Advertisement -

বন্দর সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, বিমানবন্দরের আধুনিকায়ন এবং জ্বালানি অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন মানেই সমগ্র দেশের উন্নয়ন।

তিনি বলেন, মহেশখালীসহ দেশের বিভিন্ন স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো ও লজিস্টিকস খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে।

আমির খসরু বলেন, এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।

অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটলেও চট্টগ্রামকে নিরাপদ রাখা হবে। ব্যবসাবান্ধব নগরী গড়ে তুলতে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজ করা হয়েছে। নগরীকে পর্যটনবান্ধব করতে সাইকেল ট্র্যাকও নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার তা বন্ধ করে দেয়। সিটি গভর্নমেন্ট বাস্তবায়িত হলে নগরীর উন্নয়ন ও ব্যবস্থাপনায় সিটি করপোরেশন নিজেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে সিটি গভর্নমেন্ট পুনর্বহালের বিষয়ে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কাজ করছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যাতে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কাস্টমস-সংক্রান্ত নানা জটিলতার মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

এসব সমস্যা সমাধানের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর যেন রাত ১০টার পরও চালু থাকে, সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিমানবন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় দুই থেকে আড়াই ঘণ্টায় নামিয়ে আনার লক্ষ্যে লাকসাম-নারায়ণগঞ্জ কর্ড লাইন স্থাপন এবং ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ঢাকার বাণিজ্য মেলার জন্য নির্দিষ্ট ভেন্যু থাকায় প্রতিবছর একই সময়ে মেলা আয়োজন করা সম্ভব হয়। চট্টগ্রামেও পলোগ্রাউন্ড মাঠে নির্দিষ্ট সময়ে মেলা আয়োজনের ব্যবস্থা করতে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, চট্টগ্রামে প্রধান কার্যালয় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রাজধানীতে অবস্থান করেন। চট্টগ্রামকে বাণিজ্যিক ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলম মেলার সার্বিক বৈশিষ্ট্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি মেলার পরিসর ও সৌন্দর্য আরও বাড়াতে প্রশাসন ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চেম্বারের পরিচালকবৃন্দ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন।

উল্লেখ্য, মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর পলোগ্রাউন্ড মাঠে চলবে।

সর্বশেষ

এই বিভাগের আরও