বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আর্থিক চাপে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত জ্বালানি তেল আমদানি ও বিক্রিতে সংস্থাটির লোকসান হয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি মাসে গড়ে লোকসান গুনতে হচ্ছে প্রায় ৩ হাজার ৪৫৯ কোটি টাকা। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি কেনার ব্যয় মেটাতে অর্থ মন্ত্রণালয়ে ৫ হাজার কোটি টাকা চেয়ে প্রস্তাব পাঠায় বিপিসি।
বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তি এড়াতে বাস্তব পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয়ের বিষয়টি প্রস্তাবে রাখা হয়েছে।
সংস্থাটির আর্থিক সংকটের অন্যতম কারণ হিসেবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে দায়ী করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যুদ্ধের আগে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৮৬ ডলার। এপ্রিলে তা বেড়ে সর্বোচ্চ ২৮৪ ডলারে পৌঁছায়। গত অক্টোবরেও প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ১৫৪ ডলার।
বিপিসির হিসাব অনুযায়ী, ডলারের বিপরীতে টাকার মূল্য মাত্র এক টাকা কমলেও প্রতি লিটার ডিজেল আমদানির খরচ বাড়ে ১ টাকা ৪৫ পয়সা। গত অক্টোবরের হিসাবে আমদানি, শুল্ক-কর ও অন্যান্য ব্যয়সহ প্রতি লিটার ডিজেলের খরচ দাঁড়িয়েছে ১৭৯ টাকা ৩৯ পয়সা। অথচ খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। ফলে প্রতি লিটার ডিজেলে লোকসান হচ্ছে ৪৪ টাকা ৩৯ পয়সা। এই হিসাবে বছরে ডিজেল বিক্রি থেকে সম্ভাব্য লোকসানের পরিমাণ প্রায় ২২ হাজার ১০০ কোটি টাকা।
দেশে ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের চাহিদাই সবচেয়ে বেশি। মোট চাহিদার ৬৫ দশমিক ৩০ শতাংশ ডিজেল। বিপিসির প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৩ লাখ ৩ হাজার টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ চাহিদা বেড়ে প্রায় ৪৬ লাখ টনে দাঁড়াতে পারে।
এদিকে জ্বালানি আমদানির ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে ৬১ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছিল ৪৯ হাজার ২৬১ কোটি টাকা। পরবর্তী অর্থবছরে ৫৯ লাখ ৪ হাজার টন জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৪ হাজার ৯২১ কোটি টাকা।
তবে অকটেন ও পেট্রোল বিক্রিতে বর্তমানে লোকসান নেই বিপিসির। প্রতি লিটার অকটেনের ব্যয় ১৫৫ টাকা ২৬ পয়সা হলেও বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। পেট্রোলের প্রতি লিটারে ব্যয় ১৫১ টাকা ২৬ পয়সা, বিক্রয়মূল্য ১৬০ টাকা। অন্যদিকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে খরচ হচ্ছে ১৪১ টাকা ২৬ পয়সা, যা বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
বিপিসির আর্থিক সংকটের চিত্র আরও স্পষ্ট হয়েছে সংস্থাটির চলতি মূলধনের হিসাবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে বিপিসির হাতে রয়েছে মাত্র ৬ হাজার ১২৯ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে ৩২টি ঋণপত্রের (এলসি) বিপরীতে ৫ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতি রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর আর্থিক সংকট মোকাবিলায় অর্থ বিভাগ থেকে বিপিসিকে ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। এ ছাড়া জ্বালানি তেলের ব্যয় নির্বাহ করতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২-সহ বিভিন্ন প্রকল্পের হিসাব থেকে ইতোমধ্যে ২১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে সংস্থাটি।
বিপিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ সংস্থাটির আর্থিক স্থিতি ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। তবে গত ৮ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৯ কোটি টাকায়।
বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সংস্থাটির প্রায় ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা আটকে রয়েছে। এসব অর্থ ফেরত পেতে কমিটি গঠন করা হয়েছে। কমিটি অর্থ উদ্ধারে কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর তিনি নতুন করে কোনো স্থায়ী আমানত বা এফডিআর করেননি বলেও জানান।
এদিকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে জ্বালানি তেলের ওপর সাময়িকভাবে ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, অথবা বর্তমান ইনভয়েস মূল্যের পরিবর্তে আগের মতো ট্যারিফ ভ্যালুর ভিত্তিতে শুল্ক-কর নির্ধারণ কিংবা ইনভয়েস মূল্যের ওপর শুল্ক-কর কমানোর প্রস্তাব দিয়েছে বিপিসি।
বর্তমানে প্রতি লিটার ডিজেলে প্রায় ৩৫ টাকা শুল্ক-কর দিতে হচ্ছে। আগে ট্যারিফ ভ্যালুর ভিত্তিতে এ পরিমাণ ছিল ১৬ টাকা ৭৬ পয়সা। ২০২৫ সালের জুন থেকে জ্বালানি তেল আমদানির শুল্কায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়।
আগে নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে শুল্ক-কর হিসাব করা হলেও বর্তমানে প্রকৃত আমদানি মূল্য বা ইনভয়েস মূল্যের ভিত্তিতে তা নির্ধারণ করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয়ের পাশাপাশি শুল্ক-করও বেড়ে যাচ্ছে।

