ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরান আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
ক্ষেপণাস্ত্র গুলোর একটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি কৌশলগত বিদ্যুৎ স্থাপনায় আঘাত হানে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহে মারাত্মক সমস্যা দেখা দেয়।
টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের একাধিক শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন জানিয়েছে, অবকাঠামো মেরামতের কাজ চলছে এবং ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে ফেলা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নিরাপত্তাবাহিনীর সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, হামলার সময় দক্ষিণ ইসরায়েলের আকাশে প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিন বলেছে, ১৩ জুন ইরানের প্রথম হামলার পর এটাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

