ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটন এলাকার একটি ভবন থেকে তাঁকে আটক করা হয়।
ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিবকে গ্রেপ্তার করা হয়েছে।” তবে কোন মামলার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পরে ডিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সাবেক সচিবের গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল বলছে, এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে।

