শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।

- Advertisement -

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হতো তাকে। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে।

পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়। এর আগেও চলতি বছরের জুলাই মাসে অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত গেয়ে শিল্পীজীবন শুরু করেন তিনি।

পরবর্তীতে দেশাত্মবোধক গান ও লালনসংগীতে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নিয়েছিলেন তিনি।

ফরিদা পারভীনের সংগীতাঙ্গনে অবদান অপরিসীম। ১৯৯৩ সালে সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং দেশের সর্বোচ্চ বেসরকারি স্বীকৃতি একুশে পদক অর্জন করেন তিনি। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য গড়ে তোলেন ‘অচিন পাখি স্কুল’।

বাংলা লোকসংগীত বিশেষ করে লালনসংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও