চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে। প্রাথমিক প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের জায়গায় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজের বাড়িতে স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় আসলাম চৌধুরী দলীয় মনোনয়নপত্র হাতে তুলে নেন। এ সময় তিনি নেতা–কর্মীদের সকল বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
আসলাম চৌধুরী বলেন, “কাজী মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষের পক্ষে এত দিন জনমত গঠন করেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। তিনিসহ সবাইকে মিলেমিশে ধানের শীষকে জয়ী করে আনতে হবে।”
এর আগে ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাউদ্দিন নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, সীতাকুণ্ড আসনে প্রার্থী পরিবর্তন করে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।
কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে তার ভাই ও উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি, তবে এখনো নিশ্চিত নই। দল যাকেই চূড়ান্ত মনোনয়ন দিক, সবাই ধানের শীষের পক্ষে কাজ করব।”

