চট্টগ্রামের বোয়ালখালীতে এক রাতে তিনটি দোকানের তালা ভেঙে মোবাইল ফোন, জুডিসিয়াল স্টাম্প ও কম্বল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের মীরপাড়া রোডে হাজী হামিদুল হক মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে।
চুরি হওয়া দোকানগুলো হলো— খাজা কম্পিউটার অ্যান্ড মোবাইল, কর্ণফুলী শালকর ও ডিপি হেয়ার কাট সেলুন।
খাজা কম্পিউটার অ্যান্ড মোবাইলের মালিক ইকবাল হোসাইন আরজু জানান, তার দোকান থেকে ৮টি মোবাইল ফোন ও কিছু জুডিসিয়াল স্টাম্প চুরি হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে ভোর ৪টা ২৫ মিনিটে এক যুবককে দোকানের পেছন দিক দিয়ে প্রবেশ করতে দেখা গেছে।
কর্ণফুলী শালকরের স্বত্বাধিকারী রঞ্জিত দাশ জানান, গ্রাহকের ধোয়ার জন্য রাখা দুটি কম্বল চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা।
এদিকে ডিপি হেয়ার কাট সেলুনে ঢুকে মূল্যবান কিছু না পেয়ে চোরেরা দোকানের ভেতরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়।
ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

