রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাতের উদ্ভাবিত ‘এ টু আই স্মার্ট কারে’ চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম রিফাত। এসময় তার তৈরি ব্যাটারিচালিত ছোট বাহনটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে ওয়াকিমুল ইসলাম নিজেই গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী চালনা করেন।

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ায় ১৭ বছর বয়সী এই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন তিনি। এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে ওয়াকিমুল ইসলাম জানান, একসময় তিনি সারাদিন বাসায় থাকতেন এবং একা বাইরে চলাফেরা করতে পারতেন না। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই তিনি স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন।

যশোরের চৌগাছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক মানুষের জন্য উপকারী হবে।

ওয়াকিমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল।

তিনি জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও