বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধানের খড়ে চাকা স্লিপ, বিলম্বিত কয়েকটি ট্রেন—রেলমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঈদযাত্রাকে সামনে রেখে ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তবে রেললাইনের ওপর ধানের খড় ছড়িয়ে থাকার কারণে কয়েকটি ট্রেন বিলম্বিত হয়েছে বলে জানান তিনি।

- Advertisement -

রোববার (২৪ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্ব করেছে। একটি ট্রেনের চাকা স্লিপ করেছিল। রেললাইনের ওপর ধানের খড় শুকানোর জন্য ছড়িয়ে রাখায় এই সমস্যা তৈরি হয়। পরে রিলিফ ট্রেন পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি জানান, একটি ট্রেন প্রায় ২০ মিনিট, আরেকটি এক ঘণ্টা এবং অন্যটি প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হতে পারে। তবে বাকি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্ত্রী বলেন, ঈদযাত্রায় ট্রেনে যাতায়াতের চাহিদা অনেক বেশি হলেও সেই তুলনায় ট্রেন, কোচ ও লোকোমোটিভ পর্যাপ্ত নয়। বর্তমানে আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ রেলপথগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ঈদের আগে এসব স্থানে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেললাইনে খড় শুকাতে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, অনেক সময় রেলকর্মীরা খড় সরাতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। এমনকি মারধরের ঘটনাও ঘটে।

তিনি দাবি করেন, আগের তুলনায় রেলসেবার পরিবেশ ও শিডিউল পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অনলাইন টিকিট বিক্রিতে অনিয়ম বা সিন্ডিকেটের সুযোগ কমেছে।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও