রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তা সামনে রেখে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা কামনা করেছেন।

- Advertisement -

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

পোস্টে তিনি লেখেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।”

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের এই মহিমান্বিত উৎসব শুধু আনন্দের নয়, বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।

হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

পোস্টে প্রধানমন্ত্রী আরও প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন সবার ত্যাগ কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

শেষে তিনি লেখেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং তার রহমত ও বরকতে জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”

সর্বশেষ

এই বিভাগের আরও