বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি করছেন।

- Advertisement -

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত চাপের কারণে আজ কোরবানি দিচ্ছেন।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের প্রথম দিনে অতিরিক্ত ভিড় ও ব্যস্ততার কারণে কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজেও সময় বেশি লাগায় অনেকে পরের দিন কোরবানি করাকে স্বাচ্ছন্দ্যজনক মনে করেন।

মগবাজারের বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের পরিবারে দীর্ঘদিন ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। এবারও সেই পারিবারিক রীতি অনুসরণ করা হচ্ছে।

অন্যদিকে কসাই মতিন মিয়া জানান, ঈদের প্রথম দিনে তিনি তিনটি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় পার করছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় তিন দিন পর্যন্ত থাকে। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় বৈধ।

সর্বশেষ

এই বিভাগের আরও