রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শতবর্ষী জিয়া স্মৃতি জাদুঘর ফিরে পাচ্ছে নতুন রূপ

স্টাফ রিপোর্টার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর–এর সংস্কার কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে শতবর্ষী ভবনটির মেরামত সম্পন্ন হলে জাদুঘরে সংরক্ষিত স্মারকগুলো আবার সেখানে ফিরিয়ে আনা হবে।

- Advertisement -

ব্রিটিশ আমলে নির্মিত চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজ ভবনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ১৯৮১ সালের ৩০ মে এই ভবনেই একদল সৈন্যের হাতে নিহত হন তিনি।

প্রায় দুই দশক ধরে সংস্কারহীন অবস্থায় থাকা জাদুঘর ভবনটির কিছু অংশ গত বছরের ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়ার পর দর্শনার্থীদের জন্য জাদুঘরটি বন্ধ রাখা হয়।

পরবর্তীতে সরকারের একাধিক মন্ত্রী জাদুঘরটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে সংস্কারকাজ শুরু হয়। বর্তমানে ভবনের ভেতরে মেরামত কার্যক্রম চলছে এবং টালির ছাদে নতুন রঙ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, ১১৩ বছর পুরোনো ভবনটির ক্ষতিগ্রস্ত অংশগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)–এর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সংস্কার করা হচ্ছে। পুরো কাজ তিন ধাপে সম্পন্ন হবে—মেরামত, সংরক্ষণ এবং পুনরুদ্ধার।

তিনি বলেন, প্রথম ধাপের মেরামত কাজ শেষ হতে আরও প্রায় এক মাস সময় লাগবে। এরপর বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে জাদুঘরের স্মারক সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু হবে।

জাদুঘর সূত্রে জানা যায়, বর্তমানে এখানে ৯০২টি স্মারক সংরক্ষিত রয়েছে। ১২টি গ্যালারিতে জিয়াউর রহমানের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার ত্রিমাত্রিক রেপ্লিকা, মুক্তিযুদ্ধের অস্ত্র, বিরল আলোকচিত্র এবং রাষ্ট্রীয় উপহারসহ নানা ঐতিহাসিক স্মারক প্রদর্শিত হয়।

মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার শেষ হলে জাদুঘরের প্রদর্শনী ও সংরক্ষণ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ

এই বিভাগের আরও