প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি ও কুড়িল এলাকায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে হয়।”
তিনি আরও বলেন, “সেই আদর্শের অংশ হিসেবেই আজ আমরা দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি।”
তারেক রহমান বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে মহান আল্লাহ আমাদের দেশ গঠন ও মানুষের সেবা করার যে সুযোগ দিয়েছেন, আমরা যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য আল্লাহর কাছে রহমত কামনা করছি।”
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “আজকের দিনে এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা—দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া।”
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।
এর আগে, জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ এবং অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি স্কুল মাঠে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন ঢাকার মহানগরের ১৭টি স্থানে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের কর্মসূচি বাস্তবায়নের কথা রয়েছে।

