রবিবার, ৩১ মে ২০২৬

দেশের সামনে কঠিন সময়, দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, অন্যথায় দেশের ক্ষতি হতে পারে।

- Advertisement -

রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের বিধ্বস্ত অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সামনে আমাদের জন্য কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।”

তিনি বলেন, জিয়াউর রহমান যে আদর্শ ও কর্মদর্শন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেই পথ অনুসরণের চেষ্টা করছে। মানুষের প্রত্যাশা সবসময় তাদের কাছেই বেশি থাকে, যাদের কাছ থেকে তারা কিছু পাওয়ার আশা করে।

তারেক রহমান বলেন, “কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে মানুষ জিয়া ও বাংলাদেশকে প্রায় একইভাবে দেখত।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সততা, কর্মনিষ্ঠা ও দেশগঠনের দর্শন অনুসরণ করেই এগিয়ে যেতে হবে।

দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, শিশুদের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও