ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহনসহ যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।
আগামী রোববার বিকেল ৩টায় মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলায় নিরাপত্তা নিশ্চিতে আগাম এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে বাংলামোটর, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী, গ্রিন রোড, পান্থপথ, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা সংলগ্ন বিভিন্ন সড়ক ও গলিপথ।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

