রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর লার্ভা মিললেই জরিমানা, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, কোনো বাড়ি বা প্রতিষ্ঠানে জমে থাকা পানি কিংবা ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক জরিমানা করা হবে।

- Advertisement -

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ‘ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‌্যালি’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে ২৮টি ওয়ার্ডে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক। এসব এলাকায় ডেঙ্গুবাহী মশার লার্ভার ঘনত্ব তুলনামূলক বেশি পাওয়া গেছে। তাই জনসচেতনতার পাশাপাশি কঠোর নজরদারি ও আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ছাদের টব, নারকেলের খোসা, ড্রেন, অব্যবহৃত টয়লেট কিংবা যেকোনো স্থানে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং শুরু করা হবে এবং আগামী কয়েক দিনের মধ্যেই মোবাইল টিম মাঠে নামবে। কোনো বাড়ির মালিক বা কর্তৃপক্ষ যদি পরিদর্শন কাজে বাধা দেন, সেক্ষেত্রেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে জরিমানা করা হবে। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গুর প্রজননক্ষেত্র শনাক্ত হলে প্রতিষ্ঠানকেও বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতা কামনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সচেতনতা কার্যক্রমের পরও কেউ দায়িত্বশীল আচরণ না করলে সরকার আইন প্রয়োগে বাধ্য হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও