রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র ফিরেছে, এবার শিক্ষা খাতকে ঘুরে দাঁড়াতে হবে: তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেড় দশকের ফ্যাসিবাদী শাসন দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

রোববার (৭ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগকারী সাহসী মানুষদের সম্মান জানাতে জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। শিক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করতে না পারলে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, “দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময়।”

বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশননির্ভর প্রযুক্তির বিস্তার কর্মক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে। কিছু পেশা ঝুঁকির মুখে পড়লেও নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, “বর্তমান বাস্তবতায় শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।”

উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ শক্তিশালী করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়; বরং প্রযুক্তিনির্ভর রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি।

সর্বশেষ

এই বিভাগের আরও