জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেল ৩টায় বাজেট পেশ করা হবে।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিকল্পনার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল, এসএমই খাতে ২ হাজার কোটি টাকার সহায়তা, ২৫ লাখ নাগরিকের জন্য ই-হেলথ কার্ড এবং বিদেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এবারের বাজেটে ব্যবসা সহজীকরণে ‘বাংলাবিজ’ নামে ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর উদ্যোগ, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং অনলাইনভিত্তিক রাজস্ব ব্যবস্থাপনারও প্রস্তাব থাকতে পারে।
অর্থনীতিবিদদের মতে, ৯.৪২ শতাংশ মূল্যস্ফীতিকে ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

