রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা খাতে সর্বকালের সর্বোচ্চ বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর অন্যতম ছিল শিক্ষা। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সৎ, দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতের বরাদ্দ ঘোষণা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, শিক্ষা খাতকে পুনর্গঠনের লক্ষ্যে এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ বরাদ্দ জিডিপির ২ শতাংশ।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা কারিকুলামে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যার মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও মানবিক চরিত্রের বিকাশ ঘটানো।

অর্থমন্ত্রী আরও জানান, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। আগামী অর্থবছরে তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও